Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কিশোরগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী গণমিছিল, ব্যাপক জনসমাগম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী গণমিছিল, ব্যাপক জনসমাগম

February 09, 2026 11:27:16 PM   উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী গণমিছিল, ব্যাপক জনসমাগম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিকের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কিশোরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পার্টির উপজেলা, ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। খণ্ড খণ্ড মিছিল একত্রিত হয়ে মুহূর্তেই বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

গণমিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন। মিছিল চলাকালে দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে কিশোরগঞ্জের সড়কগুলো। রাস্তার পাশে দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষ মিছিল প্রত্যক্ষ করেন এবং অনেকেই স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন।

গণমিছিল চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন,
“আমি রাজনীতি করি মানুষের কল্যাণে। আপনারা আজ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও এই ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে। কিশোরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের রায় ও আস্থা পেলে এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা ধাপে ধাপে সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

গণমিছিলে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেনেট বাবুসহ জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই গণমিছিল কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।