Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ দেওয়ার ঘোষণা ইঞ্জিনিয়ার শ্যামলের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ দেওয়ার ঘোষণা ইঞ্জিনিয়ার শ্যামলের

February 05, 2026 04:03:29 PM   অনলাইন ডেস্ক
ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ দেওয়ার ঘোষণা ইঞ্জিনিয়ার শ্যামলের

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী এক পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ঘোষণা করেছেন যে, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য পরিবর্তনে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। ইছাপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি এই সভার আয়োজন করে।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “বিএনপি জনবান্ধব সরকার গঠনে বদ্ধপরিকর। প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ডের মাধ্যমে সরকারি সকল সুযোগ-সুবিধা ও ভর্তুকি সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।”

দলের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “দলের কোনো নেতাকর্মী যদি প্রচারণার আড়ালে কোনো অনৈতিক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলায় জড়ায়, তবে তাকে কঠোর সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে। ধানের শীষের ভাবমূর্তি নষ্ট করা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্র ও জনগণের মুক্তি। তাই সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে একযোগে মাঠে কাজ করতে হবে।”

আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন মুন্সি, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, আনিছ মেম্বার, স্বেচ্ছাসেবক দলের শাহ আলম, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আজিজ মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মিয়া ও পরিমল প্রমুখ। সভায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।