Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে কর্মীদের কৃতিত্ব দিলেন মোদি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে কর্মীদের কৃতিত্ব দিলেন মোদি

May 04, 2026 09:46:45 PM   আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে কর্মীদের কৃতিত্ব দিলেন মোদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় সাফল্যের পর প্রথম প্রতিক্রিয়ায় দলীয় কর্মীদের অবদানের কথা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে দীর্ঘদিনের তৃণমূল পর্যায়ের পরিশ্রম ও সংগ্রামের ফল হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড গড়া সাফল্য কোনো হঠাৎ অর্জন নয়; বরং এটি বহু বছরের ধারাবাহিক প্রচেষ্টা ও আত্মত্যাগের ফল।

তিনি জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য কর্মী কঠোর পরিশ্রম করেছেন, নানা প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ ধরে রেখেছেন এবং মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন। তাদের এই অবদানের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

মোদি আরও বলেন, মাঠপর্যায়ে কর্মীদের নিরলস কাজই দলের আসল শক্তি। তাদের এই অব্যাহত প্রচেষ্টা ছাড়া এমন ঐতিহাসিক সাফল্য সম্ভব হতো না।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই জয় কেবল একটি রাজনৈতিক অর্জন নয়, বরং পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দলীয় কর্মীরা একই উদ্দীপনা নিয়ে রাজ্যের উন্নয়নে কাজ করে যাবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস