Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / বিজয়ের আত্মবিশ্বাসে বিস্মিত বাবা, মুখ্যমন্ত্রী হব বলেছিলেন আগেই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিজয়ের আত্মবিশ্বাসে বিস্মিত বাবা, মুখ্যমন্ত্রী হব বলেছিলেন আগেই

May 04, 2026 09:31:38 PM   বিনোদন ডেস্ক
বিজয়ের আত্মবিশ্বাসে বিস্মিত বাবা, মুখ্যমন্ত্রী হব বলেছিলেন আগেই

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে চমক দেখিয়ে এগিয়ে রয়েছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। এই সাফল্যের পেছনে তার দীর্ঘদিনের আত্মবিশ্বাসের কথাই সামনে এনেছেন তার বাবা, যিনি জানিয়েছেন—বিজয় অনেক আগেই নিজেকে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতেন।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই টিভিকে যে ধরনের অগ্রগতি দেখিয়েছে, তা তামিল রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক ফলাফলে দলটি ১০০-এর বেশি আসনে এগিয়ে থাকায় সরকার গঠনের সম্ভাবনাও জোরালো হয়েছে।

এই প্রেক্ষাপটে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিজয়ের বাবা ও নির্মাতা এস এ চন্দ্রশেখর বলেন, গত দুই বছর ধরেই তার ছেলের আত্মবিশ্বাস ছিল দৃঢ়। তিনি জানান, বিজয় তাকে স্পষ্ট করেই বলেছিলেন—‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’। এই বিশ্বাসে কোনো সন্দেহ ছিল না তার।

চন্দ্রশেখর আরও বলেন, কোনো জোট ছাড়াই নির্বাচনে অংশ নিয়ে এমন ফল করা একজন নেতার সাহস ও সক্ষমতার প্রমাণ। তিনি এটিকে তামিলনাড়ুর রাজনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও উল্লেখ করেন।

বিজয়ের এই সাফল্যে তার পরিবারও উচ্ছ্বসিত। তার মা শোভা চন্দ্রশেখরও ছেলের অর্জনে আনন্দ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে প্রাথমিক ফলাফল প্রকাশের পর থেকেই বিজয়ের বাসভবনের সামনে ভক্ত-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রাজনৈতিক এই উত্তেজনার মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও বিজয়ের বাসভবনে দেখা গেছে, যা ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। পাশাপাশি তামিল চলচ্চিত্র জগতের তারকা নানি, ভেঙ্কট প্রভুসহ অনেকেই বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।

চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা না হলেও প্রাথমিক প্রবণতা থেকেই স্পষ্ট—তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন থালাপতি বিজয়।