Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘাটাইলে ভ্যানচালককে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

ঘাটাইলে ভ্যানচালককে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

April 16, 2026 06:19:54 PM   স্টাফ রিপোর্টার
ঘাটাইলে ভ্যানচালককে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

আল আমীন:
টাঙ্গাইলের ঘাটাইলে ভ্যানচালক সাদ্দাম হোসেনের ওপর হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নজুনবাগ গ্রামবাসীর উদ্যোগে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মোগলপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ কর্মকর্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী তাদের অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আহত সাদ্দাম হোসেন উপজেলার নজুনবাগ গ্রামের জহুর উদ্দীনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৩ এপ্রিল ঘাস কাটাকে কেন্দ্র করে সাদ্দামের সাথে প্রতিপক্ষের কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই পক্ষটি সাদ্দামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তাকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের মানুষ তাকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর বেশ কয়েকদিন পার হলেও পুলিশ মূল অপরাধীদের ধরতে কার্যকর ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে তারা আজ রাজপথে নেমেছেন। তারা দ্রুত সাদ্দামের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের কর্মকর্তারা এই দাবি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন।