


চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরের লিউনান জেলায় শক্তিশালী ৫.২ মাত্রার ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে এবং এখন পর্যন্ত ২ জনের মৃত্যু ও একজন নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান এখনও চলছে।
স্থানীয় সময় সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, ভূমিকম্পের পরপরই লিউঝৌ শহর থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ধসে পড়া ভবনগুলোর মধ্যে আবাসিক ও কিছু বাণিজ্যিক স্থাপনা রয়েছে। ভূমিকম্পের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুজন একটি দম্পতি—তাদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাই উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ও সিসিটিভি নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
এদিকে ভূমিকম্পের পরপরই রেললাইন ও অন্যান্য অবকাঠামোর অবস্থা পরিদর্শন শুরু করে কর্তৃপক্ষ। এতে সাময়িকভাবে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটলেও পরবর্তীতে বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ এবং যান চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উদ্ধার ও প্রশাসনিক দল।