


বোরহান উদ্দিন, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাহিম (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকালে পৌর শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত ফাহিম মাহমুদ রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজে বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমের কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। অসুস্থজনিত কারণে তারা গত তিনদিন আগে বাড়িতে চলে যায়। এই তিনদিন ধরে ফাহিম একাই কক্ষে থাকতো।
বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য কক্ষের শিক্ষার্থীদের সঙ্গে গল্প করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুমে গিয়ে দরজা আটকে দেয়। সকালে তাকে না দেখে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে।
এ সময় সারা না পেয়ে বাড়ির পেছনের বেলকনি দিয়ে উকি দিলে ফ্যানের সঙ্গে ফাহিমের মরদেহ ঝুলতে দেখা যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ফাহিম কলেজ পাড়ার একটি মেসে থেকে পড়ালেখা করতেন। গতকাল বিকেলে তার মায়ের সাথে অভিমান হয়। এই অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
তিনি আরও বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।