


আগামী জুলাই থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা ড্রেসের পাশাপাশি স্কুলব্যাগ ও জুতাও বিনামূল্যে পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে দেশের নির্দিষ্ট কিছু বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু করা হবে।
প্রাথমিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই সুবিধা চালু করা হবে। পরে ধাপে ধাপে এটি সব উপজেলার শিক্ষার্থীদের মধ্যে সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে এই কর্মসূচির আওতায় মাদরাসা ও হাইস্কুলের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, কর্মসূচির আওতায় শুধু স্কুলড্রেসই নয়, শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি ব্যাগ এবং জুতাও দেওয়া হবে। এক লাখ শিক্ষার্থীর জন্য এসব সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এ উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের জন্য এসব সামগ্রী দেওয়া হবে। সরকার এ কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও জানান, সব ছাত্রের জন্য একই ডিজাইনের ড্রেস এবং ছাত্রীর জন্য আলাদা ডিজাইনের পোশাক নির্ধারণ করা হয়েছে। একইভাবে ব্যাগ ও জুতাও নির্দিষ্ট মান ও ডিজাইনের হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে সমতা বজায় থাকে।
সরকারের লক্ষ্য হলো একটি সমান সুযোগভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা প্রয়োজনীয় উপকরণ নিয়ে নির্ভারভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারে।