Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

April 25, 2026 09:04:00 PM   অনলাইন ডেস্ক
প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণকে এসব ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চক্রটি অবৈধভাবে আর্থিক সুবিধা নেওয়া এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার লক্ষ্যেও তারা সক্রিয় রয়েছে।

ঢাকা বোর্ড জানায়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজ শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল সিটিটিসির একটি বিশেষ দল ঢাকার আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করে।

বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সব তথ্যই গুজব ও প্রতারণামূলক। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের মতে, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।