


চুয়াডাঙ্গায় নাচ-গান ও টিকটক করায় সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় তার মরদেহ পৌঁছালে দাফনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
এর আগে বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে এলাকাবাসী দাফনে আপত্তি জানান।
স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা দীর্ঘদিন ধরে নাচ-গান ও টিকটকে অশ্লীল কনটেন্ট তৈরি করতেন। এছাড়া তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও তোলেন তারা। এলাকাবাসীর দাবি, তারা ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন। তাই মরদেহ অন্যত্র দাফনের দাবি জানান স্থানীয়রা।
সুবর্ণার সৎ বাবা ইসরাইল হোসেন বলেন, “আগেও আমাদের পরিবারের সদস্যদের এখানে দাফন করা হয়েছে। কিন্তু এখন কবর খুঁড়তেও বাধা দেওয়া হচ্ছে।”
পারিবারিক সূত্র জানায়, প্রথম স্বামীর সংসার ছেড়ে ছয় বছর আগে ঝিনাইদহের এক ব্যক্তিকে বিয়ে করেন সুবর্ণা। পরিবারের দাবি, দ্বিতীয় স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দাফন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।