Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ডিজেলের দাম বাড়ায় গণপরিবহনের ভাড়া সমন্বয়ে সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডিজেলের দাম বাড়ায় গণপরিবহনের ভাড়া সমন্বয়ে সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক

April 19, 2026 06:14:38 PM   দেশেরপত্র ডেস্ক
ডিজেলের দাম বাড়ায় গণপরিবহনের ভাড়া সমন্বয়ে সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক

জ্বালানি তেলের দাম বিশেষ করে ডিজেলের মূল্য বৃদ্ধির পর রাজধানীসহ সারা দেশে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন ভাড়া নির্ধারণ নিয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হবে সেখানে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিআরটিএ সূত্র জানায়, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনঃনির্ধারণের জন্য গঠিত ১২ সদস্যের একটি কমিটি এই বৈঠকে অংশ নেবে। বৈঠকে অংশীজনদের মতামত নিয়ে নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরে সুপারিশ আকারে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয় করা এখন সময়ের দাবি। মালিকপক্ষ বৈঠকে একটি নতুন প্রস্তাব উপস্থাপন করবে বলে জানান তিনি।

বর্তমানে বিআরটিএ নির্ধারিত ভাড়া অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২ টাকা ৪৫ পয়সা এবং দূরপাল্লার বাসে ২ টাকা ১২ পয়সা। এছাড়া মহানগরে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং অন্য এলাকায় ৮ টাকা নির্ধারিত রয়েছে।

তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে নতুন প্রস্তাবে মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ৪ টাকা এবং দূরপাল্লার ক্ষেত্রে ৩ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি উঠতে পারে বলে জানা গেছে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, ভাড়া নির্ধারণে জ্বালানি খরচ, পরিচালন ব্যয় ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে একটি সুপারিশ তৈরি করা হয়। এরপর তা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং মন্ত্রণালয়ের অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হয়।

নীতিমালা অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে বাস ভাড়া গড়ে ১ পয়সা বাড়ানোর নিয়ম রয়েছে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে। নতুন দামে—

  • ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা (আগে ১০০ টাকা)
  • কেরোসিন ১৩০ টাকা (আগে ১১২ টাকা)
  • অকটেন ১৪০ টাকা (আগে ১২০ টাকা)
  • পেট্রোল ১৩৫ টাকা (আগে ১১৬ টাকা)

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব এখন সরাসরি পরিবহন খাতে পড়তে শুরু করেছে। ফলে নতুন ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের মধ্যে বাড়তি ভাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।