


রাজধানীর শ্যামপুরে ট্রান্সপোর্টের এক কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৯০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তি মো. গোলাম কিবরিয়া (৪৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোড, শেখ কামাল স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আহত কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান জানান, তিনি বংশাল বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। রাতের বেলা চট্টগ্রাম থেকে ঢাকায় মালামাল আনা শেষে কিবরিয়া সেই মালামাল আনলোড করে রিকশায় করে বাসায় ফিরছিলেন।
পথে খন্দকার রোডে তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। ধারালো অস্ত্রের মুখে তারা কিবরিয়ার সঙ্গে থাকা ৯০ হাজার টাকা এবং একটি মোবাইল ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তার বাম হাতে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেন, পরে ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, কিবরিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার বিষয়টি শ্যামপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে।