Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত শিক্ষার্থী ৯ দিন পর উদ্ধার, কিশোর গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত শিক্ষার্থী ৯ দিন পর উদ্ধার, কিশোর গ্রেফতার

May 02, 2026 01:15:28 PM   অনলাইন ডেস্ক
উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত শিক্ষার্থী ৯ দিন পর উদ্ধার, কিশোর গ্রেফতার

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

গত ২২ এপ্রিল দুপুরে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে। স্কুল থেকে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল দশম শ্রেণির ওই শিক্ষার্থী। পথে হঠাৎ লামীন ইসলাম নামে এক কিশোর তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, অপহরণের সময় শিক্ষার্থীর বাবা বাধা দেওয়ার চেষ্টা করেন। তিনি সর্বশক্তি দিয়ে মেয়েকে রক্ষা করতে চেষ্টা করলেও পরে আরও একজন যুবক ঘটনাস্থলে যোগ দেয়। তারা মিলে বাবাকে মারধর করে শিক্ষার্থীকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে পূবাইল এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, অপহরণের কারণ ও এর পেছনে থাকা অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।