Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, রাত ১টা পর্যন্ত সতর্কতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, রাত ১টা পর্যন্ত সতর্কতা

May 14, 2026 06:53:32 PM   অনলাইন ডেস্ক
ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, রাত ১টা পর্যন্ত সতর্কতা

ঢাকাসহ দেশের ৮টি অঞ্চলে রাত ১টা পর্যন্ত ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর একটি সতর্কবার্তা জারি করে। এতে জানানো হয়, দেশের একাধিক অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে।

এই পরিস্থিতির প্রভাবে আগামী কয়েক দিন দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি, এমনকি অতিভারি বর্ষণও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।