


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে র সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) মারা গেছেন।
বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
শোকবার্তায় বলা হয়, তার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারিয়েছে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।
রাফিয়া সুলতানা ২০১২-১৩ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৯ সালের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবেও অংশ নেন, যা তার সক্রিয় ছাত্ররাজনীতির পরিচয় বহন করে।
দলটির পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।