


সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ‘লাল সালাম’ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।। তার মতে, রাজনৈতিকভাবে যোগ্য ও ত্যাগী নারীদের মূল্যায়ন করাই সঠিক সিদ্ধান্ত।
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি আলোচনায় আসে। এবারের তালিকায় রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীনসহ শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত প্রকাশিত তালিকায় কোনো তারকাই স্থান পাননি।
গত সোমবার (২০ এপ্রিল) তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তারকাদের বাদ পড়া নিয়ে মতামত প্রকাশ করেন।
এ প্রসঙ্গে নিজের ফেসবুক পোস্টে ন্যানসি লিখেছেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী বা মডেলদের রাজনৈতিক শোপিস না বানিয়ে বরং যারা দীর্ঘদিন ধরে দলীয়ভাবে ত্যাগ ও পরিশ্রম করেছেন, তাদের মূল্যায়ন করা উচিত—এই সিদ্ধান্তের জন্য তিনি বিএনপিকে ‘লাল সালাম’ জানান।
/Screenshot%202026-04-21%20175006.png)
তার এই মন্তব্য প্রকাশের পর পোস্টের নিচে অনেকেই সমর্থন জানান। কেউ লেখেন, “এ জন্যই আপনাকে এত পছন্দ,” আবার কেউ বলেন, “আপনার সঙ্গে আমিও একমত।”
উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনের মধ্যে প্রায় ১,৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তালিকায় শোবিজ অঙ্গনের কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ বেশ কয়েকজন পরিচিত মুখের নাম ছিল।
তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিশ্চিত হওয়া যায়, শোবিজ অঙ্গনের কোনো তারকাই এবারের মনোনয়ন পাননি।