


দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব প্রায় ১৬০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।
একটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জনপ্রিয় প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও-এর সঙ্গে এ চুক্তি হয়েছে। কয়েক সপ্তাহ আগেই নাকি স্ট্রিমিং স্বত্ব চূড়ান্ত করা হয়েছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়েছিল প্রায় ৭৫ কোটি রুপিতে। সেই তুলনায় নতুন কিস্তির সম্ভাব্য চুক্তির অঙ্ক অনেক বেশি, যা সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি দৃশ্য ফাঁস হওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। এ বিষয়ে নির্মাতারা দর্শকদের সেই ভিডিও ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
পরিচালক নেলসন দিলীপ কুমার-এর পরিচালনায় নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্য এবং সুরাজ ভেঞ্জারামুডু।
এছাড়া গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ খান, তবে ব্যস্ততার কারণে তিনি তা নেননি। আগের কিস্তির মতো মোহনলাল ও শিব রাজকুমার-এর উপস্থিতিও থাকতে পারে বলে শোনা যাচ্ছে।