


বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সোহাগ ভূঁইয়া উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে একটি দল করাইবাড়িয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগ ভূঁইয়াকে আটকের পর তার ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পরবর্তীতে আটক সোহাগ ভূঁইয়াকে উদ্ধারকৃত ইয়াবাসহ তালতলী থানায় হস্তান্তর করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, "আটক সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"