Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / তিস্তার চরে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিস্তার চরে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ

May 10, 2026 07:18:58 PM   উপজেলা প্রতিনিধি
তিস্তার চরে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ

একসময় রংপুরের কাউনিয়া উপজেলা জুড়ে, বিশেষ করে তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চলে, চোখে পড়ত ঐতিহ্যবাহী কাউনের দোল খাওয়া সবুজ ক্ষেত। গ্রামীণ জনপদের সেই পরিচিত দৃশ্য এখন ধীরে ধীরে অতীত হয়ে যাচ্ছে। সময়ের পরিবর্তন আর লাভজনক ফসলের দিকে কৃষকদের ঝোঁক বাড়ায় দিন দিন কমে যাচ্ছে কাউনের আবাদ। ফলে হারিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে একসময়ের ঐতিহ্যবাহী এই ফসল।

উপজেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, কয়েক বছর আগেও যেখানে বিস্তীর্ণ জমিতে কাউনের চাষ হতো, এখন সেখানে ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুনসহ নানা লাভজনক ফসলের আবাদ করছেন কৃষকরা। বাজার চাহিদা ও তুলনামূলক বেশি লাভের আশায় কৃষকরা ধীরে ধীরে সরে যাচ্ছেন কাউন চাষ থেকে।

চর ঢুসমারা গ্রামের কৃষক খায়রুল ইসলাম বলেন, “কাউন চাষে এখন আগের মতো লাভ নেই। উৎপাদন খরচের তুলনায় বাজারদর অনেক কম। তাই বাধ্য হয়েই অন্য ফসলের দিকে ঝুঁকতে হচ্ছে।”

একই কথা জানান চর নাজিরদহ গ্রামের কৃষক হোসেন আলী। তার ভাষায়, “নতুন ও লাভজনক ফসল চাষ করে ভালো আয় হচ্ছে। তাই অনেকেই পুরোনো ফসল ছেড়ে বিকল্প আবাদে মন দিচ্ছেন।”

গদাই গ্রামের কৃষক আলামিন হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে আগামী এক যুগের মধ্যেই হয়তো কাউনের ক্ষেত আর চোখে পড়বে না।”

এদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কাউনের আবাদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বর্তমানে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যানও সংরক্ষিত নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, “বর্তমানে কাউন মূলত পাখির খাদ্য হিসেবেই বেশি ব্যবহৃত হচ্ছে। কিছু সৌখিন মানুষ পাখি পালনের জন্য এটি কিনে থাকেন। কৃষকদের ধানের পাশাপাশি বিভিন্ন বিকল্প ও লাভজনক ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে।”

তবে স্থানীয়দের দাবি, কাউনিয়ার নামের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কাউন চাষ টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি প্রণোদনা, গবেষণাভিত্তিক সহায়তা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করে কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কাউন হয়তো শুধুই ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে থাকবে।