


সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনকে দেশের সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করবো। বালু লুট, জলমহাল দখল ও খাস কালেকশনের নামে হাটে-ঘাটে চাঁদাবাজি হতে দেব না। সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবেন এবং এ আসনের রাস্তাঘাটসহ সব অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।
সোমবার বিকালে তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ আসনে বড় ভাই আনিসুল হক সহ অনেকেই মনোনয়নের জন্য প্রতিযোগিতা করেছিলাম। কারও মধ্যে হিংসা ছিল না। দল শেষ পর্যন্ত আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। আজ আমরা সবাই এক কাতারে ঐক্যবদ্ধ। আগামী ১২ তারিখ সবাই কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের প্রিয় মার্কা ধানের শীষকে বিজয়ী করবেন।
জনসভা শুরুর আগেই নির্বাচনি এলাকার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মাঠে মিলিত হয়। একের পর এক মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য সচিব জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, চাঁন মিয়া মাষ্টার, আজিজুল ইসলামের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সালমা নজির, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভা শেষে বাদাঘাট বাজারে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।