Date: February 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নির্বাচনে কক্সবাজারে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, মোতায়েন ১১ প্লাটুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

নির্বাচনে কক্সবাজারে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, মোতায়েন ১১ প্লাটুন

February 04, 2026 06:34:14 PM   অনলাইন ডেস্ক
নির্বাচনে কক্সবাজারে বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, মোতায়েন ১১ প্লাটুন

কক্সবাজার প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কক্সবাজারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে বিজিবি কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলায় সর্বমোট ১১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। বুধবার ৩৪ বিজিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজার-৩ আসনের আওতায় কক্সবাজার সদর উপজেলায় ৬ প্লাটুন এবং নবগঠিত ঈদগাঁও উপজেলায় ৫ প্লাটুনসহ মোট ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গত ২৯ জানুয়ারি থেকে কক্সবাজার সদর উপজেলার সার্বিক নিরাপত্তা বিবেচনায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে একটি প্রধান বেজক্যাম্প ও গুরুত্বপূর্ণ স্থানে একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা পুরোপুরি প্রস্তুত রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এবার আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে ডগ স্কোয়াড দ্বারা তল্লাশি, বডি অন ক্যামেরা ও নাইট ভিশন গগলসের ব্যবহার। এছাড়া ড্রোন ব্যবহারের মাধ্যমে আকাশপথে এবং বাইনোকুলারের মাধ্যমে দূরবর্তী স্থানে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার অবৈধ অস্ত্র, মাদক বা অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সেজন্য ৩৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি কঠোর।

যেকোনো জরুরি পরিস্থিতি বা আকস্মিক সহিংসতা মোকাবিলায় বিজিবির ‘র‍্যাপিড অ্যাকশন টিম’ এবং ‘কুইক রেসপন্স ফোর্স’ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এমনকি দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানোর প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের সক্ষমতাও নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে বিজিবি বদ্ধপরিকর।

বিজিবি আরও জানায়, সারা দেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় তারা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। "করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বিজিবি সদস্যরা নির্বাচনকালীন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটাররা যাতে নির্ভয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিজিবির মূল লক্ষ্য।