Date: May 13, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নারায়ণগঞ্জে ৭০০ কেজির মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নারায়ণগঞ্জে ৭০০ কেজির মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প!

May 12, 2026 11:18:15 AM   অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে ৭০০ কেজির মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প!

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাট ও খামারে জমে উঠেছে কোরবানির প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমী নাম ও বিশাল আকৃতির পশু নিয়ে ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির এক মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের মহিষ। গায়ের গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকের চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

তিনি বলেন, “মহিষটির চেহারা ও চুলের স্টাইল একটু আলাদা ধরনের। দেখতে অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের মতো মনে হওয়ায় এমন নাম রাখা হয়েছে।”

খামার কর্তৃপক্ষ জানায়, নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করছেন। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন। এতে মহিষটিকে ঘিরে বাড়ছে কৌতূহল।

খামারের কর্মচারীরা জানান, বিশেষ যত্নে মহিষটিকে লালন-পালন করা হয়েছে। নিয়মিত ঘাস, ভুট্টা, ভুসি ও পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। স্বাস্থ্য ঠিক রাখতে পশু চিকিৎসকের পরামর্শও নেওয়া হচ্ছে।

খামার মালিক আরও জানান, ইতোমধ্যে কয়েকজন ক্রেতা মহিষটি কেনার আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে একজন ক্রেতা আগাম বুকিংও দিয়েছেন।

স্থানীয়দের মতে, কোরবানির ঈদে বড় আকৃতির পশুর পাশাপাশি ব্যতিক্রমী নামের পশু নিয়ে মানুষের আলাদা আগ্রহ তৈরি হয়। প্রতিবছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত ব্যক্তি ও চরিত্রের নামে পশুর নাম রাখার প্রবণতা দেখা যায়। এতে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি হয়।