


রাস্তায় পড়ে থাকা একটি আম কুড়িয়ে নেওয়া-বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অনেক দেশের জন্য এটি হয়তো খুব সাধারণ ঘটনা। কিন্তু বিশ্বের অন্যতম কঠোর আইনব্যবস্থার দেশ সিঙ্গাপুরে এই কাজই ডেকে আনতে পারে বিশাল অঙ্কের জরিমানা। দেশটিতে সরকারি গাছ থেকে ফল পাড়া তো বটেই, এমনকি মাটিতে পড়ে থাকা ফল কুড়িয়ে নিলেও গুনতে হতে পারে প্রায় ৫ হাজার সিঙ্গাপুরি ডলার জরিমানা, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ৮২ হাজার টাকার সমান। সম্প্রতি এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরপ্রবাসী প্রিয়াঙ্কা সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ বিষয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, সিঙ্গাপুরে সরকারি জায়গায় লাগানো গাছ এবং সেই গাছের ফল রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। তাই অনুমতি ছাড়া ফল সংগ্রহ করা আইনত অপরাধ। এমনকি গাছ থেকে পড়ে থাকা ফল কুড়িয়ে নিলেও শাস্তির মুখে পড়তে হতে পারে।
তার পোস্টটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন দেশের ব্যবহারকারীরা বিস্ময় প্রকাশ করেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার নেটিজেনরা এই আইনকে নিজেদের দেশের বাস্তবতার সঙ্গে তুলনা করে নানা ধরনের মজার মন্তব্য করতে থাকেন। কেউ কেউ লিখেছেন, “এমন আইন আমাদের দেশে চালু হলে মানুষ প্রতিদিনই জরিমানা দিত!” আবার কেউ বলেছেন, “রাস্তার পাশে আম পড়ে থাকলে সেটা না কুড়িয়ে থাকা আমাদের জন্য অসম্ভব।”
সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির সরকারি জমিতে থাকা সব গাছ এবং তাদের ফল রাষ্ট্রের সম্পদ হিসেবে গণ্য হয়। এসব গাছের দেখভালের দায়িত্ব পালন করে ন্যাশনাল পার্কস বোর্ড বা এনপার্কস।
দেশটির ‘পার্কস অ্যান্ড ট্রিস অ্যাক্ট’ অনুযায়ী, অনুমতি ছাড়া সরকারি পার্ক বা উন্মুক্ত স্থানের গাছ থেকে ফল সংগ্রহ করলে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুরি ডলার জরিমানা হতে পারে। আর যদি একই কাজ কোনো সংরক্ষিত বনাঞ্চল বা জাতীয় উদ্যানে করা হয়, তাহলে জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ৫০ হাজার ডলার পর্যন্ত। এমনকি ৬ মাস পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।
এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার আলোচনা আরও বাড়ে যখন একজন ব্যবহারকারী প্রশ্ন করেন—“যদি পোষা প্রাণী ফল কুড়িয়ে আনে, তাহলে কী হবে?” জবাবে আরেকজন মন্তব্য করেন, সিঙ্গাপুরে পোষা প্রাণীর কাজের দায়ও মালিকের ওপর বর্তায়। ফলে প্রাণী ফল কুড়িয়ে আনলেও আইনের চোখে সেটি মালিকের কাজ হিসেবেই বিবেচিত হবে।
বিশ্বজুড়ে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও কঠোর আইনের জন্য পরিচিত সিঙ্গাপুর। দেশটির কর্তৃপক্ষ মনে করে, এমন কঠোর নিয়ম-কানুনের কারণেই সিঙ্গাপুর বিশ্বের অন্যতম নিরাপদ ও পরিচ্ছন্ন দেশে পরিণত হয়েছে। তবে সাধারণ একটি আম কুড়িয়ে নেওয়ার মতো ঘটনায় এত বড় শাস্তির বিধান অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে।
সূত্র: এনডিটিভি