Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / প্রেমিকাকে ফিরে ফেতে ৪৬০ ফুট উঁচুতে উঠে যুবক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রেমিকাকে ফিরে ফেতে ৪৬০ ফুট উঁচুতে উঠে যুবক

May 04, 2026 11:09:43 AM   অনলাইন ডেস্ক
প্রেমিকাকে ফিরে ফেতে ৪৬০ ফুট উঁচুতে উঠে যুবক

মাদারীপুরের শিবচরে প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে এক যুবক ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে দীর্ঘ সময় ধরে বোঝানোর পর তাকে নিরাপদে নিচে নামানো হয়। রোববার (৩ মে) রাতে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায়, প্রেমিকার বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদার (২২) তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে প্রেমিকাকে ফিরে পাওয়ার আশায় তিনি একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে বসেন এবং ফোনে তাকে সেখানে আসতে বলেন। একই সঙ্গে হুমকি দেন, সম্পর্ক না ফিরলে তিনি নিচে লাফ দিয়ে আত্মহত্যা করবেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু প্রথমে কোনো ফল হয়নি। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগের সদস্য ও পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাকে নামানোর চেষ্টা চালান।

প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে নানা কৌশলে বোঝানোর পর রাত সাড়ে ১০টার দিকে হাসানকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে পুলিশ তাকে জনতার ক্ষোভ থেকে রক্ষা করে থানায় নিয়ে যায় এবং পরিবারের কাছে হস্তান্তর করে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, ধৈর্য ও কৌশল ব্যবহার করে দীর্ঘ সময় ধরে বোঝানোর মাধ্যমেই যুবককে আত্মহত্যার পথ থেকে ফেরানো গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।