


ফেনী প্রতিনিধি:
ফেনী জেলায় দ্রুত আধুনিক ‘চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ভবন’ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার ১৩ এপ্রিল ফেনী জেলা আইনজীবী সমিতির নেতারা জেলা প্রশাসক মনিরা হকের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন খাঁন নয়ন, সমিতির সদস্য অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, অ্যাডভোকেট আরিফুল ইসলাম ও অ্যাডভোকেট প্রিন্স মাহমুদ চৌধুরীসহ অন্যান্য আইনজীবীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে ফেনী জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও এই জেলাটি রাষ্ট্রীয় অনেক সুযোগ-সুবিধার ক্ষেত্রে অবহেলিত। দেশের অধিকাংশ জেলায় আধুনিক সিজেএম ভবন নির্মিত হলেও ফেনীতে আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।
সিজেএম ভবন না থাকার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আইনজীবীরা বলেন, আধুনিক ভবন না থাকায় বিচারপ্রার্থী সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। পর্যাপ্ত এজলাস না থাকায় অনেক সময় একটি এজলাসেই প্রতিদিন দুই থেকে তিন জন বিচারককে দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং বিচারিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এছাড়া পর্যাপ্ত জায়গা না থাকায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন এবং বিচারকদের প্রশাসনিক কাজও বাধাগ্রস্ত হচ্ছে।
স্মারকলিপি প্রদান শেষে আইনজীবী নেতারা জানান, প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে সবসময় কাজ করে যাচ্ছেন। তারা বিশ্বাস করেন, তাদের সরাসরি হস্তক্ষেপে ফেনীবাসীর এই দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়ন হবে।
ফেনীর সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করতে এবং দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এই ভবন নির্মাণের কাজ জরুরি ভিত্তিতে শুরু করার দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়, সেই আহ্বান জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা।