


তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক নিয়ে এগিয়ে এলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়। নির্বাচনে বড় দল হিসেবে উঠে এলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনো নিশ্চিত করতে পারেননি তিনি। এখন তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে একটি গুরুত্বপূর্ণ দলের অবস্থানের ওপর।
সাম্প্রতিক নির্বাচনে নাটকীয় অগ্রগতির পরও সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-কে ঘিরে। শেষ মুহূর্তে কিছু জোটসঙ্গীর সমর্থন প্রত্যাহার করায় সংখ্যাগরিষ্ঠতার সমীকরণে অচলাবস্থা তৈরি হয়েছে।
বর্তমানে পুরো নজর বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)-এর দিকে। দলটির সমর্থন পেলে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছাতে পারবেন বিজয়। ভিসিকে নেতৃত্ব জানিয়েছে, আজ বিকেল ৪টায় তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
এর আগে টিটিভি দিনাকরণের এএমএমকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত জানালে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে ওঠে। অন্যদিকে, বিজয় নিজে একাধিক দফায় বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়েছেন সমর্থন নিশ্চিত করতে।
বর্তমানে টিভিকে-র পক্ষে রয়েছে মোট ১১৬ জন বিধায়ক। এর মধ্যে কংগ্রেস, সিপিআই ও সিপিএমের সমর্থন থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখনো দুইজন বিধায়কের সমর্থন প্রয়োজন।
রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে একাধিক বৈঠক করেও বিজয় এখনো সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পাননি। রাজ্যপাল স্পষ্টভাবে জানিয়েছেন, প্রতিটি সমর্থনকারী বিধায়কের স্বাক্ষরিত চিঠি ছাড়া সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে না।
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। এই সমীকরণেই আটকে আছে বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ।
নির্বাচনে ১০৮টি আসন পেয়ে টিভিকে রাজ্যের রাজনীতিতে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও এখনো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হয়নি। কংগ্রেস শর্তসাপেক্ষে দুটি মন্ত্রণালয় দাবি করেছে, আর বাম দলগুলো সরকারে না থাকার অবস্থান নিয়েছে।
এখন একমাত্র ভিসিকে-র সিদ্ধান্তই নির্ধারণ করবে-তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হবেন কি না বিজয়, নাকি রাজনৈতিক অচলাবস্থায় আরও জটিল হবে সমীকরণ।