Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পথে বিজেপি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণ...

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পথে বিজেপি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত!

May 08, 2026 09:45:19 PM   আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পথে বিজেপি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত!

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছে। বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী -কে নির্বাচিত করেছে বিজেপি। এর ফলে রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ এখন প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার কলকাতায় বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করেন। বৈঠকে সহকারী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

দলীয় সূত্র অনুযায়ী, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় একাধিক প্রস্তাব এলেও সবগুলোতেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। অন্য কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তাকে নেতৃত্বে আনা হয় বলে দাবি করা হয়েছে। এরপর তাকে রাজভবনে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল আর. এন. রবি। সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের সমাপ্তি ঘটে।

গত ৪ মে ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলাফলে মোট ২৯৪টি আসনের মধ্যে ২০০টিরও বেশি আসনে জয় পায় বিজেপি। এই ফলাফলের পর রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগোচ্ছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি বড় রাজনৈতিক পরিবর্তন।

তবে সরকার গঠন ও মুখ্যমন্ত্রীর শপথ এখনও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি। আগামীকালকের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই নতুন সরকারের পূর্ণ চিত্র স্পষ্ট হবে।