Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ব্যতিক্রমী এক আবাসিক হোটেল, মানুষ নয় গরু থাকার জন্য! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ব্যতিক্রমী এক আবাসিক হোটেল, মানুষ নয় গরু থাকার জন্য!

May 14, 2026 02:03:58 PM   অনলাইন ডেস্ক
ব্যতিক্রমী এক আবাসিক হোটেল, মানুষ নয় গরু থাকার জন্য!

কোরবানির ঈদকে সামনে রেখে রংপুরে ব্যস্ত সময় পার করছে ব্যতিক্রমী এক আবাসিক হোটেল। তবে এই হোটেলের অতিথি মানুষ নয়, গরু। সেখানে গরুর থাকা, খাবার, পরিচর্যা থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।

রংপুরের দমদমা সেতু এলাকায় দুই বছর ধরে চালু রয়েছে এই গরুর আবাসিক হোটেল। একসঙ্গে তিন শতাধিক গরু রাখার সক্ষমতা রয়েছে এখানে। স্থানীয় বিভিন্ন পশুর হাট থেকে গরু কেনার পর ব্যবসায়ীরা দূরপাল্লার যাত্রার আগে নিরাপদে গরু রাখছেন এই হোটেলে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গরুর জন্য আলাদা খাবার, বিশুদ্ধ পানি, পরিচ্ছন্ন পরিবেশ ও রাত যাপনের ব্যবস্থা রয়েছে। এছাড়া কোনো গরু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসাসেবাও দেওয়া হয়। বড় ও উন্নত জাতের গরুর জন্য রাখা হয়েছে বিশেষ কক্ষ, যেখানে বাড়তি যত্ন ও সেবা নিশ্চিত করা হয়।

চট্টগ্রাম থেকে আসা গরু ব্যবসায়ী ছলিম খান বলেন, “আগে গরু রাখার নিরাপদ জায়গা পাওয়া যেত না। এখন এই হোটেলের কারণে চুরি, বৃষ্টি ও অসুস্থতার ঝুঁকি অনেক কমেছে।”

লক্ষ্মীপুরের ব্যবসায়ী আতাউর রহমান জানান, তুলনামূলক কম খরচে নিরাপদ সেবা পাওয়ায় ব্যবসায়ীরা বেশ উপকৃত হচ্ছেন।

ঢাকার গাবতলী হাটের ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, তারা নিয়মিত রংপুরের বিভিন্ন হাট থেকে গরু কিনে এই হোটেলে রাখেন। পরে গাড়ি পূর্ণ হলে একসঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এই হোটেলকে কেন্দ্র করে আশপাশে গড়ে উঠেছে গরুর খাবারের দোকানসহ নানা ধরনের ব্যবসা। পাশাপাশি স্থানীয় কয়েকজনের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।

হোটেলটির উদ্যোক্তা মোবারক আলী ভুট্টো বলেন, গরু ব্যবসায়ীদের সমস্যার কথা চিন্তা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।