


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গৃহবধূ সানজিদা খানম (২০) নিখোঁজ হওয়ার দেড় মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
গত ১ এপ্রিল উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হন সানজিদা। তিনি উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের মেয়ে।
নিখোঁজের ঘটনায় স্বামী ইকলাস সরদার কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে ইকলাস সরদারের সঙ্গে সানজিদার বিয়ে হয়। জীবিকার তাগিদে তারা সাফলীডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের সংসারে হামজা নামে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, গত ১ এপ্রিল প্রতিদিনের মতো সকালে তিনি ভ্যান চালাতে বাইরে যান। দুপুরে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরে নেই। পরে শ্বশুরবাড়ি ও আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, “আমার পাঁচ বছরের একটা ছেলে রয়েছে। মা ছাড়া সে কিছুই বোঝে না। সারাক্ষণ মায়ের অপেক্ষায় থাকে। আমার স্ত্রী কেমন আছে, বেঁচে আছে কি না— তাও জানি না। দ্রুত সময়ের মধ্যে আমার স্ত্রীর সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা চাই।”
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সানজিদার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।”