Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হবে দারুণ জমজমাট: নেইমার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হবে দারুণ জমজমাট: নেইমার

May 02, 2026 09:48:29 PM   ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হবে দারুণ জমজমাট: নেইমার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বড় স্বপ্নের কথা জানালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি আশা করছেন, বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল—যা হবে ‘সুপার ক্লাসিকো’ এক মহারণ।

আর্জেন্টিনার এস্তাদিও পেদ্রো বিদেগাইন-এ সান লোরেঞ্জোর বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ ও বিশ্বকাপ নিয়ে খোলামেলা কথা বলেন নেইমার। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

নেইমার বলেন, তিনি শুধু ২০২৬ বিশ্বকাপে খেলতে চান না, বরং স্বপ্ন দেখছেন একটি ঐতিহাসিক ফাইনালের—যেখানে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। তার ভাষায়, “ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি ফাইনাল হবে অসাধারণ।”

এই সম্ভাব্য লড়াই মানেই আবারও মুখোমুখি হওয়া লিওনেল মেসি ও নেইমারের, যা ফুটবলপ্রেমীদের জন্য হবে বিশেষ আকর্ষণ।

তবে নেইমারের এই স্বপ্ন পূরণ কতটা বাস্তবসম্মত, তা নিয়ে রয়েছে প্রশ্ন। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর এখনো জাতীয় দলে মাঠে নামা হয়নি নেইমারের। দীর্ঘদিনের ইনজুরি, বিশেষ করে ২০২৩ সালে লিগামেন্ট চোটের পর তার ফিটনেস নিয়েও শঙ্কা রয়েছে।

তবুও দলে ফেরার আশা জাগাচ্ছে কিছু পরিস্থিতি। সতীর্থ রদ্রিগো ও তরুণ এস্তেভাও ইনজুরিতে পড়ায় স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে নেইমারের সামনে। আগামী ১৮ মে দল ঘোষণার দিনই জানা যাবে তার ভাগ্য।

এদিকে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ‘গ্রুপ-সি’-তে খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এখন প্রশ্ন একটাই—নেইমার কি ফিরতে পারবেন চিরচেনা ছন্দে? আর তার স্বপ্নের ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল কি সত্যিই বাস্তব হবে, নাকি থেকে যাবে কেবল কল্পনায়?