


১০৩ রানের ছোট লক্ষ্য রক্ষা করতে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পেসার শরীফুল ইসলামের আগুনে বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে গেছে নিউজিল্যান্ড, একাই তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।
শনিবার (২ মে) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নামে নিউজিল্যান্ড। তবে ইনিংসের শুরু থেকেই টাইগার পেসার শরীফুল ইসলাম-এর তোপে দিশেহারা হয়ে পড়ে কিউই ব্যাটিং লাইনআপ।
মাত্র ১২ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। ওপেনার কানতে ক্লার্ক ২ বলে ১ রান এবং ড্যান ক্লেভার ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। শুরুতেই এই ধাক্কা ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে নিয়ে আসে।
এরপর টিম রবিনসন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে দলীয় ২৫ রানের মাথায় আবারও আঘাত হানেন শরীফুল। ১৪ বলে ২৩ রান করা রবিনসনকে ফিরিয়ে দিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রয়েছে কিউইরা, আর ম্যাচে শক্ত অবস্থান গড়ে তুলেছে টাইগাররা।
ছোট লক্ষ্য হলেও শুরুতে এমন দাপুটে বোলিং বাংলাদেশের জন্য বড় আত্মবিশ্বাসের উৎস হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, এই ধারাবাহিকতা ধরে রেখে জয় তুলে নিতে পারে কি না স্বাগতিকরা।