


লক্ষ্মীপুর প্রতিনিধি:
দেশের বর্তমান সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বব্যাপী অস্থিরতার প্রেক্ষাপটে জাতিকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে লক্ষ্মীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে “বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয়” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সভাপতি শাহাদাত হোসেন আনন্দের সভাপতিত্বে এবং জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মোঃ সেলিম হোসেন।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, আন্তর্জাতিক অস্থিরতা এবং বিশ্ব রাজনীতির পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের ওপরও প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় দেশের মানুষকে সচেতন, ঐক্যবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার বিকল্প নেই।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশকে রক্ষা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং যেকোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান সামাজিক ও নৈতিক সংকট দূর করতে হলে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। তারা দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক আরমান হোসেন শাকিল, কমলনগর উপজেলা সভাপতি আব্দুল বাতেন, চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি আবুল কাসেম রাজুসহ জেলা কমিটির বিভিন্ন সম্পাদক ও জেলার সদস্যবৃন্দ।
জেলা কমিটির বিভিন্ন সম্পাদক এবং জেলার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভাটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।