Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / বায়ার্নকে হারিয়ে টানা ষষ্ঠবার নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

বায়ার্নকে হারিয়ে টানা ষষ্ঠবার নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনা

May 04, 2026 02:00:00 PM   ক্রীড়া ডেস্ক
বায়ার্নকে হারিয়ে টানা ষষ্ঠবার নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনা

নারী চ্যাম্পিয়নস লিগে দারুণ এক সেমিফাইনাল লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো ফাইনালে উঠেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে আবারও শিরোপার দৌড়ে জায়গা করে নিল কাতালান ক্লাবটি।

দুই লেগের এই সেমিফাইনাল সিরিজে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা নারী দল। শেষ পর্যন্ত দ্বিতীয় লেগে ৪-২ গোলের জয় পেয়ে মোট ৫-৩ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে বিদায় করে তারা।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বার্সেলোনা। সালমা পারালুয়েলো প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্রুতই জবাব দেয় বায়ার্ন মিউনিখ, ম্যাচে সমতা ফিরিয়ে আনে তারা।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে নেয় কাতালানরা। অ্যালেেক্সিয়া পুটেয়াস অসাধারণ নৈপুণ্যে দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেন এবং প্রথমার্ধে বার্সেলোনাকে লিড এনে দেন।

দ্বিতীয়ার্ধে ইভা পায়োর গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয় বার্সার। পরে আবারও জ্বলে ওঠেন পুটেয়াস, নিজের দ্বিতীয় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। শেষ দিকে বায়ার্ন একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার মতো অবস্থানে যেতে পারেনি তারা।

এই জয়ের মাধ্যমে টানা ষষ্ঠবারের মতো নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নেয় বার্সেলোনা, যা তাদের ধারাবাহিক আধিপত্যের প্রমাণ।

ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে ফরাসি জায়ান্ট অলিম্পিক লিওঁ। আটবারের চ্যাম্পিয়ন লিওঁ সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এটি বার্সেলোনা ও লিওঁর মধ্যে চতুর্থবারের মতো ফাইনাল মুখোমুখি লড়াই। এর আগে দুইবার জয় পেয়েছিল লিওঁ, তবে সর্বশেষ ২০২৪ সালের ফাইনালে শিরোপা জেতে বার্সেলোনা।