Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় পরিবহন শ্রমিককে গুলি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় পরিবহন শ্রমিককে গুলি!

March 28, 2026 11:19:17 AM   দেশেরপত্র ডেস্ক
ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় পরিবহন শ্রমিককে গুলি!

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরমান সর্দার (৩৫) নামে এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত আরমানকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী ইথু বাসস্ট্যান্ডে এসে একটি প্রাইভেটকার ভাড়া করতে চান। এ সময় চালক চার হাজার টাকা ভাড়া দাবি করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং খবর পেয়ে জিয়াউল হক জিয়ার নেতৃত্বে একদল লোক ঘটনাস্থলে এসে পরিবহন সংশ্লিষ্ট ফারুক মোল্লার অফিসে হামলা ও ভাঙচুর চালায়।

সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হন আরমান সর্দার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। এ ঘটনায় বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ঘটনার পর ফারুক মোল্লার বাবা, বহিষ্কৃত উপজেলা বিএনপি নেতা শাজাহান মোল্লা (সাজু) জরুরি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তার ছেলের অফিসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।