


নারায়ণগঞ্জে ভুয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টাকালে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান। এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন যাচাই–বাছাইয়ের সময় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে তাকে আটক করা হয়।
পাসপোর্ট আবেদনে ওই যুবক নিজেকে মো. জামাল শেখ হিসেবে পরিচয় দেন। আবেদনে তার বাবার নাম মো. মুন্নু শেখ, মায়ের নাম রুনা বেগম এবং জন্মতারিখ ২২ জুন ২০০২ উল্লেখ করা হয়। জাতীয় পরিচয়পত্র নম্বর হিসেবে দেওয়া হয় ১৯৫৯৩৪৪*** এবং ঠিকানা দেখানো হয় গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম পাড়া এলাকার ভূবশী, ডুবশী গ্রাম। জন্মস্থানও উল্লেখ করা হয় গোপালগঞ্জ।
পাসপোর্ট অফিস সূত্র জানায়, কাগজপত্র যাচাইয়ের একপর্যায়ে আবেদনকারীর চেহারার সঙ্গে জাতীয় পরিচয়পত্রে সংযুক্ত ছবির অমিল চোখে পড়ে। এতে সন্দেহ তৈরি হলে তার বায়োমেট্রিক তথ্য যাচাই করা হয়। ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা গেলে রোহিঙ্গা শরণার্থীদের ডাটাবেজে তার তথ্য পাওয়া যায়। ডাটাবেজ অনুযায়ী তার প্রকৃত নাম রাইয়াস। বাবার নাম মো. আইয়ুব, জন্মতারিখ ৫ জানুয়ারি ২০০১। রোহিঙ্গা পরিচয়পত্রের রেফারেন্স নম্বর ১১১২০১৭১২১৯১০২***। নথিতে আরও উল্লেখ আছে, তিনি ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন যে তিনি রোহিঙ্গা নাগরিক এবং অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার চেষ্টা করেছিলেন।
ঘটনার পর তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান জানান, জালিয়াতি ও ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আজকে আদালতে পাঠানো হবে।