


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মাদকের সঙ্গে যদি কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা -র আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষায় সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না।
তিনি আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রাপথে যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়, সে জন্য গৌরনদী মডেল থানা ও মহাসড়ক থানার কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন এবং পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান ।
এ সময় আরও বক্তব্য দেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দিন , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা , মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান , মহাসড়ক থানার ওসি মো. শামীম শেখ , উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব , সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান , গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির -সহ অন্যান্যরা।