


চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় আহমদ ডিলার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে পুলিশ। নিহত আহমদ ডিলার উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত জীবনযাপন করছিলেন। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার (১৫ মে) রাত ৯টার দিকে বাড়িতে মাদক সেবন নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে বাবাকে মারধর করেন। এতে গুরুতর আহত হন আহমদ ডিলার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই অভিযুক্ত মিলনকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।