


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনায় বিজেপির বড় ব্যবধানে এগিয়ে থাকার প্রবণতার মধ্যেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি সমর্থকদের ‘জয় শ্রী রাম’ স্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সর্বশেষ প্রাথমিক প্রবণতায় বিজেপি ১৯২টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৪টি আসনে। এই অবস্থার মধ্যেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ভোট গণনার চলমান পরিস্থিতির মধ্যেই কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপি কর্মী-সমর্থকরা মোটরসাইকেলে এসে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন।
ঘটনাটি কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গণনা চলছে এবং বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে একযোগে ফলাফল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
আজ সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনা কলকাতা ও অন্যান্য জেলায় স্থাপিত একাধিক কেন্দ্রে চলছে। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মহানগরীর গুরুত্বপূর্ণ আসনগুলোর ফলাফল গণনা করা হচ্ছে।
এবারের নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল ঘোষণা করা হবে। একটি আসনে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের পর এখন সবার নজর ফলাফলের চূড়ান্ত চিত্রের দিকে। রাজনৈতিক দলগুলোও ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক নজর রাখছে।