


জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার তিনটি সংসদীয় আসনের ৩৬৭টি ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে মোট ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি এই তথ্য জানান। সেখানে জানানো হয়, রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রে ৪ প্লাটুন, বরকল উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন এবং তিনটি উপজেলার ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। কাপ্তাইসহ সাতটি উপজেলায় সর্বাধিক ২৬৭টি ভোটকেন্দ্রে ২০ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া সহ চার উপজেলায় ৪৩টি ভোটকেন্দ্রে ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিজিবি সদস্যদের জন্য ড্রোন পরিচালনা, রায়ট কন্ট্রোল মহড়া, নন-লিথাল অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ, বডি-ওয়্যার ক্যামেরার ব্যবহার এবং ব্যাটালিয়ন পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
এছাড়া, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ের জন্য মাঠে দায়িত্ব পালন করবে। এই ব্যবস্থার মাধ্যমে ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে।