Date: May 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / রাতেই তাণ্ডব চালাতে পারে ঝড়, ৮০ কিমি বেগের সতর্কতা যেসব জেলায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাতেই তাণ্ডব চালাতে পারে ঝড়, ৮০ কিমি বেগের সতর্কতা যেসব জেলায়

May 18, 2026 10:09:56 PM   অনলাইন ডেস্ক
রাতেই তাণ্ডব চালাতে পারে ঝড়, ৮০ কিমি বেগের সতর্কতা যেসব জেলায়

দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ কয়েকটি জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কাও রয়েছে, যা জনজীবন ও নৌপথে চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

সোমবার (১৮ মে) বিকেল সোয়া ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের তীব্রতা বাড়তে পারে, তাই নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।

এ ছাড়া ঢাকা, বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার ওপর দিয়েও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে বায়ুমণ্ডলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে হঠাৎ করেই বজ্রঝড়, দমকা হাওয়া ও ভারী বৃষ্টির প্রবণতা বাড়ছে।

এদিকে বজ্রপাত ও ঝড়ের সময় খোলা স্থানে অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নদীপথে চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশেষ করে জেলে, নৌযান চালক এবং নদীপথ ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে আকস্মিক ঝড়ের কারণে কোনো দুর্ঘটনা না ঘটে।