Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা

May 18, 2026 10:28:08 PM   দেশেরপত্র ডেস্ক
ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা

দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সময় আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিনসহ ওই সময় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘূর্ণিঝড় বা তীব্র কালবৈশাখী ঝড়ে রূপ নিতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ, বজ্রঝড় ও দমকা হাওয়ার ঝুঁকি বাড়তে পারে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঠিক এই সময়কালকে কেন্দ্র করেই আবহাওয়াবিদরা সতর্কতা দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশের আবহাওয়ায় বড় প্রভাব ফেলতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, এ সময়ে সাগরে সক্রিয় লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক বৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণের সম্ভাবনাও তৈরি হতে পারে।

বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগে। সেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ময়মনসিংহে ৩৪০ থেকে ৩৬০ মিলিমিটার, চট্টগ্রামে ৩৩০ থেকে ৩৫০ মিলিমিটার, রংপুরে ২৬০ থেকে ২৮০ মিলিমিটার, ঢাকায় ২৫০ থেকে ২৭০ মিলিমিটার, বরিশালে ২২০ থেকে ২৫০ মিলিমিটার, রাজশাহীতে ১৭০ থেকে ১৯০ মিলিমিটার এবং খুলনায় ১৬০ থেকে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই সময়ে ৫ থেকে ৮ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঈদের মতো বড় উৎসবের সময় এমন আবহাওয়া জনজীবনে প্রভাব ফেলতে পারে, তাই আগেভাগেই সতর্ক থাকা প্রয়োজন।