Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অপরাধ / রামুতে ইয়াবা কাণ্ডে পুলিশের কনস্টেবল গ্রেপ্তার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রামুতে ইয়াবা কাণ্ডে পুলিশের কনস্টেবল গ্রেপ্তার!

May 02, 2026 12:21:37 PM   অনলাইন ডেস্ক
রামুতে ইয়াবা কাণ্ডে পুলিশের কনস্টেবল গ্রেপ্তার!

কক্সবাজারের রামুতে বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ -এর ৩০ বিজিবি ব্যাটালিয়ন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৮ এপিবিএনে কর্মরত কনস্টেবল সজিব বেপারীকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। আটক কনস্টেবল ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার মাদক চক্রের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করা হবে। বর্তমানে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।