


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -এর ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে র্যাব সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে।
১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন আহসান হাবীব পলাশ। পরবর্তীতে তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ছাড়াও রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া পদোন্নতির পর তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আহসান হাবীব পলাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেন। সেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি “বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)” অর্জন করেন।
শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।