Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিচ্ছেন সুরের রানী আশা ভোঁসলে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিচ্ছেন সুরের রানী আশা ভোঁসলে

April 13, 2026 02:50:37 PM   বিনোদন ডেস্ক
রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিচ্ছেন সুরের রানী আশা ভোঁসলে

উপমহাদেশের সংগীত জগতে এক যুগের অবসান ঘটিয়ে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য আজ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হতে যাচ্ছে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতসহ পুরো সংগীতাঙ্গনে।

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-এর শেষকৃত্য আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে সকাল থেকেই মুম্বাইয়ের লোয়ার পারেলে তাঁর বাসভবনে ভক্ত-অনুরাগীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে জানায় পরিবার।

গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে তাঁর মরদেহ বাসভবনে আনা হয়। এর পর থেকেই সেখানে ভক্তদের ঢল নামে, যারা প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখার জন্য ভিড় করেন।

পরিবার জানিয়েছে, বিকেলে শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্যভাবে, একই স্থানে তাঁর বড় বোন কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর-এর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল।

সাত দশকেরও বেশি দীর্ঘ সংগীতজীবনে আশা ভোঁসলে ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন। হিন্দি ছাড়াও ২০টির বেশি ভাষায় তাঁর কণ্ঠে গান প্রকাশ পেয়েছে, যা তাঁকে বিশ্বসংগীতের এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। গজল, শাস্ত্রীয় সংগীত থেকে আধুনিক সব ঘরানাতেই তিনি ছিলেন সমান পারদর্শী।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র জগতের বহু তারকা শোক প্রকাশ করেছেন। শাহরুখ খান, কাজল, শ্রেয়া ঘোষাল, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, রাম গোপাল ভার্মা, আনু মালিক, কমল হাসান ও জুনিয়র এনটিআরসহ অসংখ্য শিল্পী সামাজিক মাধ্যমে গভীর শোক জানান।

গতকাল রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত জটিলতা ও সংক্রমণের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একাধিক অঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।