


লক্ষ্মীপুরে ভোটের নিরাপত্তা ও নির্বাচনের স্বচ্ছতার জন্য স্থাপিত সিসি ক্যামেরা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ চুরির ঘটনা ঘটেছে। এর আগে এই জেলায় অবৈধভাবে ভোটের সিল তৈরির ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছিল।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তারা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। গত ২৯ জানুয়ারি বিকেল ৪টায় নির্ধারিত সময়ে স্কুল ছুটি দিয়ে শিক্ষকেরা চলে যান। এরপর টানা তিন দিন স্কুল বন্ধ থাকায় শনিবার পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ ছিল। ২ ফেব্রুয়ারি (সোমবার) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকেরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি চুরি হয়ে গেছে। বুধবার সরেজমিনে গিয়ে একই চিত্র পুনরায় ধরা পড়ে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, “বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী স্কুল বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। তিন দিন পর সোমবার এসে দেখি ভোটের জন্য লাগানো দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।”
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, “এটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের বাধা। নির্বাচন যেন সুষ্ঠু না হয়, সে জন্য গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, “যারা নির্বাচনে কারচুপি করতে চায় কিংবা ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক কার্যক্রমের অংশ হতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটি সরিয়েছে, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।”
লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “বিষয়টি আমার জানা আছে এবং এ বিষয়ে সদর থানায় অভিযোগ করা হয়েছে।”
এর আগে গত মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরোনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের জন্য অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোনসহ সোহেল রানা (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বুধবার দুপুরে স্থানীয় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকে আসামি করে মামলা দায়ের করা হয়।