Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / লন্ডনের ফ্রিডম অব দ্য সিটি সম্মাননায় ভূষিত বাংলাদেশি তানভীর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লন্ডনের ফ্রিডম অব দ্য সিটি সম্মাননায় ভূষিত বাংলাদেশি তানভীর

May 04, 2026 09:59:16 AM   ক্রীড়া ডেস্ক
লন্ডনের ফ্রিডম অব দ্য সিটি সম্মাননায় ভূষিত বাংলাদেশি তানভীর

ইংল্যান্ডে পড়তে গিয়ে ক্রিকেটকে ভালোবেসে শুরু—আর সেই পথ ধরেই আন্তর্জাতিক স্বীকৃতি। ক্রীড়া, কমিউনিটি উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তিতে অসামান্য অবদানের জন্য লন্ডনের মর্যাদাপূর্ণ ‘ফ্রিডম অব দ্য সিটি’ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ তানভীর আহমেদ।

অন্য দশজন শিক্ষার্থীর মতো স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান তানভীর আহমেদ। তবে পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা তাকে নিয়ে যায় ভিন্ন এক যাত্রায়। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা পেশায় রূপ নেয়, আর এখন তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে একজন প্রতিষ্ঠিত কোচ হিসেবে কাজ করছেন।

২০২৩ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর অধীনে লেভেল-৩ অ্যাডভান্সড কোচিং সম্পন্ন করেন তানভীর। এরপর থেকে তিনি তৃণমূল পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মানের ক্রিকেটার গড়ে তোলার কাজে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তার প্রশিক্ষণে অনেক তরুণ খেলোয়াড় নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পেয়েছে।

তানভীর কেবল ক্রিকেট শেখান না, বরং খেলাধুলাকে একটি সামাজিক মাধ্যম হিসেবে ব্যবহার করেন। বিভিন্ন সংস্কৃতি ও পটভূমির তরুণদের একত্রিত করে তাদের মধ্যে ঐক্য, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়েছে।

তার দীর্ঘদিনের এই অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই তিনি পেয়েছেন লন্ডনের ঐতিহাসিক ‘ফ্রিডম অব দ্য সিটি’ সম্মাননা। যুক্তরাজ্যের প্রাচীনতম এই নাগরিক সম্মাননা সাধারণত তাদেরই দেওয়া হয়, যারা সমাজে বিশেষ অবদান রেখে ইতিবাচক পরিবর্তন আনেন। এর আগে এই সম্মাননায় ভূষিত হয়েছেন ক্রিকেটার অ্যালিস্টার কুক, ইয়ন মরগান এবং ফুটবলার হ্যারি কেইনের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা।

এর আগেও তানভীর তার কাজের জন্য ইসিবি এবং দ্য ক্রিকেটার-এর কাছ থেকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত তানভীর জানান, তিনি সবসময় চেষ্টা করেন তরুণদের হাতে-কলমে শেখাতে এবং তাদের ভেতরের প্রতিভা খুঁজে বের করতে। তার বিশ্বাস, সঠিক দিকনির্দেশনা পেলে যে কোনো তরুণই বড় কিছু অর্জন করতে পারে।

আলাপচারিতায় তিনি আরও জানান, ভারতের আইপিএলের দুই জনপ্রিয় দল চেন্নাই ও কলকাতা থেকে কোচিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। যদিও নানা কারণে সেই সুযোগগুলো বাস্তবায়ন হয়নি, তবে ভবিষ্যতে এ ধরনের বড় মঞ্চে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি, দেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেলে সেটিও গ্রহণ করতে চান বলে জানান এই উদীয়মান কোচ।