


চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে আবারও চোটে পড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবল দুনিয়ায়। রিয়াল মাদ্রিদের হয়ে শততম ম্যাচে মাঠে নামার পর হঠাৎ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই ফরাসি তারকা। প্রাথমিকভাবে এটিকে ‘মাসল ওভারলোড’ বলা হলেও চিকিৎসকদের শঙ্কা, পরিস্থিতি জটিল হলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তিনি। সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন আসন্ন বিশ্বকাপ ঘিরে, যেখানে তার অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে এমবাপ্পে ছিলেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত লা লিগায় ২৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। তবে দলের পারফরম্যান্স ধরে রাখার জন্য তাকে নিয়মিত মাঠে নামানো এবং অতিরিক্ত ম্যাচ খেলার চাপই এখন তার শারীরিক অবস্থার অবনতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
গত রাতের রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে হঠাৎ করেই অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে এবং পরে তাকে মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে তার ইনজুরির খবর ছড়িয়ে পড়লে সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ বাড়ে। স্প্যানিশ সাংবাদিক হোসে লুইস সানচেজ জানান, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘মাসল ওভারলোড’ ধরা পড়েছে, যা আপাতদৃষ্টিতে গুরুতর না হলেও অবহেলা করলে বড় সমস্যায় রূপ নিতে পারে।
এই মৌসুমেই এর আগে একাধিকবার ছোটখাটো চোটে ভুগেছেন এমবাপ্পে। পুরোপুরি সুস্থ না হয়েই তাকে বারবার মাঠে নামানো হয়েছে, যা দীর্ঘমেয়াদে তার শারীরিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পুনরাবৃত্ত ইনজুরি ভবিষ্যতে বড় ঝুঁকির ইঙ্গিত দেয়।

রিয়াল মাদ্রিদ এখনও তার চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিছু জানায়নি। বিস্তারিত মেডিক্যাল পরীক্ষার পরই জানা যাবে ইনজুরির প্রকৃত অবস্থা ও মাঠে ফেরার সম্ভাব্য সময়। তবে ক্লাব ও জাতীয় দলের চিকিৎসকদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, চোট যদি গুরুতর হয় তাহলে তাকে দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকতে হতে পারে।
সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে ফ্রান্স জাতীয় দলকে ঘিরে। দলের অন্যতম ভরসা ও তারকা খেলোয়াড় এমবাপ্পে যদি সময়মতো ফিট হয়ে না ওঠেন, তাহলে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েই দেখা দিতে পারে বড় ধরনের অনিশ্চয়তা।