


ফেনী সংবাদদাতা:
আসন্ন নির্বাচনে ‘লেভেল প্লেইং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে প্রশাসনের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবায়নে আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ভোটারদের হুমকি ও নির্বাচনী অফিস ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করে বলেন, ‘গতকাল রাতে মোটবীর ইজ্জতপুরসহ বেশ কিছু স্থানে আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। ব্যানার ছিঁড়ে ফেলা ও বিলবোর্ড নামিয়ে ফেলার পাশাপাশি কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এগুলো আপাতদৃষ্টিতে ছোট ঘটনা মনে হলেও তা বড় সংঘাতের ইঙ্গিত দেয়। বিষয়টি আমরা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেছি।’
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু আমরা দেখছি, বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের লোভ দেখাচ্ছে, তাদের ব্যানার-ফেস্টুন ঝুলছে এবং ক্যারাভান চলছে—এসব বিষয়ে প্রশাসন নীরব। অথচ আমাদের ক্যারাভানে জরিমানা করা হয়েছে। অভিযোগ করার পর জরিমানার টাকা ফেরত দিয়ে অনুমতি দিলেও এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার সাংগঠনিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দু-চারটি অফিস ভাঙচুর করে বা ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের অনুকূল পরিবেশ নষ্ট করা যাবে না। বরং এতে সাধারণ মানুষ ওই দলের বিরুদ্ধে আরও সোচ্চার হবে। আমরা শুনছি, পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিশে কাজ করছে। বিএনপি কেন্দ্রীয় নির্দেশনায় এসব করছে কি না, তা আমার জানা নেই। প্রশাসনের কাছে সুবিচার না পেলেও ভোটের মাঠে জনগণ ব্যালটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে।’
এর আগে সকালে তিনি সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোর বাজার ও কে এম হাট বাজারে নির্বাচনী গণসংযোগ করেন। দুপুরে তিনি ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, ‘গত ৫৫ বছরে দেশের মানুষ রাজনীতির গুণগত কোনো পরিবর্তন দেখেনি। সরকার আসে, সরকার যায়, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। এখনো ফুটপাতে মানুষ ঘুমাচ্ছে, চাঁদাবাজি চলছে, সীমান্তে মাদক কারবার ও চুরি-ডাকাতি বন্ধ হয়নি।’ এ সময় তিনি দেশের ইতিবাচক পরিবর্তনের স্বার্থে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভী, জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন ও শহর ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ।