


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারি এবং একটি সংঘবদ্ধ বৈদ্যুতিক তার চোর চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল সরকার সোমবার (৪ মে) বিকেলে জৈনা বাজার এলাকায় তার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সোহেল সরকার সংবাদ সম্মেলনে জানান, গত ২৬ এপ্রিল রাতে ঝড়ের সময় তার ভবনের ১৩টি বিদ্যুৎ মিটারের সংযোগ তার চুরি হয়ে যায়। এর বাজার মূল্য ছিল প্রায় ১৭ হাজার ৩০০ টাকা। পরদিন ২৭ এপ্রিল বিকেলে তিনি স্থানীয়ভাবে খোঁজ নিতে গিয়ে দেখেন, জৈনা বাজারের ফারুকের ভাঙারি দোকানে তার চুরি হওয়া তারের ওপর থেকে প্লাস্টিক খুলে তামা বের করা হচ্ছে। এই বিষয়ে জিজ্ঞেস করলে ফারুক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দোকান থেকে বের করে দেয়।
সংবাদ সম্মেলনে সোহেল সরকার আরও বলেন, একই দিন সন্ধ্যায় কুলসুম আক্তার নামের এক নারী তার ফার্নিচারের শোরুমে ঢুকে তাকে গালিগালাজ করেন। সেই সময় ওই নারী তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান। সোহেল সরকারের দাবি, এই চক্রটি এর আগেও তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল কিন্তু তিনি আদালতে নির্দোষ প্রমাণিত হন।
সোহেল সরকার জানান, কুলসুম আক্তারের গালিগালাজের একটি ভিডিও তিনি মোবাইলে ধারণ করেছিলেন। কিন্তু সেই ভিডিওটি ‘Sotto ki সত্য কি’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে এডিট করে ভুল তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে। এর ফলে তার সামাজিকভাবে বড় ধরণের মানহানি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এই চক্রটি মূলত মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা মাদকসহ একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছে। এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
এই ঘটনায় সোহেল সরকার ইতিমধ্যে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি এই ষড়যন্ত্রকারী চক্রের সঠিক তদন্ত এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার ও জানমালের নিরাপত্তার দাবি জানিয়েছেন।