


চট্টগ্রাম প্রতিনিধি:
সঠিক আদর্শ না থাকার কারণেই বারবার ছাত্রদের আত্মত্যাগ ও বিপ্লব ছিনতাই হয়ে যায় বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। বুধবার (৪ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই স্মৃতি হলে’ হেযবুত তওহীদ ছাত্র ফোরামের চট্টগ্রাম জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের জেলা সভাপতি নেয়ামত উল্লাহ আস সাদেক। সঞ্চালনায় ছিলেন হিবাতুল্লাহ বিনতে হাবিব ও মালিহা আব্দুল্লাহ। শুরুতে সংগঠনটির আদর্শ ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুর আলম বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীরা নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। তাঁরা একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারপূর্ণ রাষ্ট্র চেয়েছিলেন। কিন্তু তাঁদের এই বিপ্লব হাইজ্যাক করা হয়েছে। স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থে ছাত্রদের এই ত্যাগকে ব্যবহার করেছে। তরুণ সমাজ বারবার এভাবে প্রতারিত হয়ে আসছে।”

তিনি আরও বলেন, “তরুণ শিক্ষার্থীদের কাছে সঠিক আদর্শ না থাকার কারণেই যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, তাদের অনেকেই আজ টাকার কাছে মাথা নত করেছে। হেযবুত তওহীদের কাছে সেই কালজয়ী আদর্শ রয়েছে, যা দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেওয়া সম্ভব। যে আদর্শ প্রত্যাখ্যান করার কারণে আবুল হাকাম ‘আবু জাহেল’ হয়েছিল, আর যে আদর্শ ধারণ করে ক্রীতদাস বেলাল (রা.) গভর্নর হয়েছিলেন, সেই আদর্শ ধারণ করলেই একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি আল মামুন আকাশ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভা, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইকরামা বিন খুরশীদ এবং বিভাগীয় সাধারণ সম্পাদক নিশাত সালসাবিল প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে সাধারণ সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে আলোচনা ও ইফতার শেষে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা ছাত্র ফোরামের ১৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।